ফরিদগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ লাশ উদ্ধার

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে গত ২৪ ঘণ্টায় দুই গৃহবধূ ও এক নির্মাণ শ্রমিকসহ তিন জনের মৃত্যুর ঘটনায় লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় পৃথকভাবে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের প্রবাসী জিল্লুর রহমানের মেয়ে ও সাইমুন মোল্লার স্ত্রী আসমা আক্তার (১৯) পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্বামীর পরকীয়ার কারণে এই আত্মহত্যার কারণ বলে জানা গেছে।
গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা গ্রামের প্রবাসী পিন্টু পাওয়ারীর মেয়ে ও প্রবাসী সুজন পাটওয়ারীর স্ত্রী শাহানাজ বেগম পারিবারিক কলহের জের ধরে অভিমান করে চাঁদপুর শহরতলীর তার বাবার ভাড়া বাসায় বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্য পোয়া গ্রামের নির্মাণ শ্রমিক ও তিন সন্তানের জনক বাবুল মিয়া (৩৯) নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাকে ছেলে-মেয়েদের সামনে প্রকাশ্যে মারধর করে কিছু লোক। তার বিচার না পাওয়ায় সে অভিমানে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, মৃত্যুর এসব ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। পৃথকভাবে অপমৃত্যু মামলা হয়েছে।
১৯ সেপ্টেম্বর, ২০২১।