নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে বাবুল মিয়া (৩৯) নামে তিন সন্তানের জনক আত্মহত্যা করেছে। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্য পোয়া গ্রামের নোয়া বাড়িতে গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে আত্মহত্যা কারণ জানা যায়নি।
জানা গেছে, মধ্য পোয়া গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছোট ছেলে বাবুল মিয়া পেশায় নির্মাণ শ্রমিক ও তিন সন্তানের জনক। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি পরিবারের সদস্যরা। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বাবুল মিয়ার স্ত্রী বেবী বেগম বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা ও অপমৃত্যু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ সেপ্টেম্বর, ২০২১।
