ফরিদগঞ্জ ওসির বিরুদ্ধে ফেসবুকে মিথ্যাচার, ২ ছাত্রলীগ নেতা আটক

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিবের বিরুদ্ধে ফ্যাক আইডি দিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের ঘটনায় মূল হোতাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) বিকালে ফরিদগঞ্জ থানার ওসি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন।
আটকরা হলো- কালিরবাজার কলেজ ছাত্রলীগ নেতা মামুন হোসেন রনি (২০) ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহপরান আলম খান রাব্বি (২৪)।
জানা গেছে, গত ২৯ এপ্রিল ‘jarine Afrine Ruma’ নামের একটি ফেসবুক আইডি থেকে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিবের বিরুদ্ধে ত্রাণ দিতে গিয়ে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চা দোকানদার রফিকুল ইসলামের মেয়ে সালমা (১৯) কে ধর্ষণ ও কথিত ওই মেয়েটির ছবিসহ আপত্তিকর পোস্ট করা হয়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পোস্ট ভাইরাল হওয়ার পর চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে কর্তৃপক্ষ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। একই সাথে ফরিদগঞ্জ থানা পুলিশ ও চাঁদপুর ডিবি পুলিশ পৃথক তদন্ত শুরু করে। তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে চায়ের দোকানদার রফিকুল ইসলাম ও তার মেয়ে সালমার অস্তিত্ব খুঁজে পায়নি। পরবর্তীতে তারা ফেসবুক আইডি নিয়ে তদন্ত করে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে কালির বাজার কলেজ ছাত্রলীগের নেতা মামুন হোসেন রুবেলকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার ব্যবহৃত মুঠোফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ডিভাইস জব্ধ করে। এসময় সে প্রাথমিক স্বীকারোক্তি প্রদান করে জানায়, তার ফ্যাক ফেসবুক আইডি থেকে ফরিদগঞ্জ থানার ওসি’র বিরুদ্ধে মিথ্যা পোস্ট করে। পরে পোস্ট দেয়ার প্ররোচণার অভিযোগে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহপরান আলম খান রাব্বীকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে উভয়কে জেলা ডিবি পুলিশ চাঁদপুর নিয়ে যায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন জানান, শুক্রবার বিকেলেই আটক এই দু’জনের একজন রুবেলকে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কফিলউদ্দিনের আদালতে হাজির করা হয়। এ সময় ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে সে। পরে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয় তাকে। তবে গোয়েন্দা পুলিশের ওসি আরো জানান, অসুস্থ থাকায় রাব্বী নামে অন্যজনের জবানবন্দি নেওয়া যায়নি।
এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে ১ মে শুক্রবার ফরিদগঞ্জ থানায় মামলা (নং ০১/১২৬) দায়ের করা হয়। মামলার তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মহিউদ্দিন।
শুক্রবার (১ মে) বিকালে ফরিদগঞ্জ থানার ওসি তার বিরুদ্ধে করা ফেসবুকের পোস্ট বিষয়ে প্রেস ব্রিফিং করেন। এসময় তিনি বলেন, সাম্প্রতিককালে ফরিদগঞ্জে ব্যাপকভাবে ভুয়া ফেইসবুক আইডি খুলে আপত্তিকর পোস্ট হচ্ছে। আমাকে নিয়ে ভুয়া পোস্ট নিয়ে চাঁদপুর পুলিশ সুপার তাৎক্ষণিক তদন্ত টিম গঠন করে ক্লু বের করতে সক্ষম হন। আটক রুবেল ভুয়া তথ্য দিয়ে এবং গুগুল থেকে ছবি নিয়ে মানহানিকর তথ্য পোস্ট করে বলে স্বীকার করেছে।
এদিকে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বল জানান, তার ওয়ার্ডে রফিকুল ইসলাম নামে কোন চায়ের দোকানদার নেই। একই সাথে তার কথিত মেয়ে সালমারও অস্তিত্ব নেই।
এ ব্যাপারে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন জানান, ফেসবুকের পোস্টটি আমাদের চোখে পড়ার সাথে সাথে পুলিশ সুপারের নির্দেশে আমরা ব্যাপক অনুসন্ধান করেছি। তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান ফরিদগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মিথ্যা ও আপত্তিকর তথ্য পোস্ট করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতারে পুলিশকে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।

০১ মে, ২০২০।