ফরিদগঞ্জ পৌরসভার মাসিক ও বাজেট প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ পৌরসভার মাসিক ও ২০২১-২২ অর্থ বছরের বাজেট প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে এ সভায় পৌর সচিব একেএম খোরশেদ আলমের পরিচালনায় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, আমি মেয়র হলেও আপনাদের নিয়েই আমার সংসার। আপনারা কাউন্সিলর হিসেবে যখন যে অবস্থা বা ঘটনা জানবেন আমি যেখানেই থাকি সাথে সাথে জানাবেন। সেটা ভাল-মন্দ যাই হউক। পৌরবাসীকে ভাল রাখতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা যদি মানুষকে তার চাহিদার কাছাকাছি পর্যন্ত সেবা দিতে সক্ষম হই, তবে তারাও আমাদের সব ধরনের ট্যাক্স পরিশোধ করবে।
তিনি আরো বলেন, আপনারা দেখেছেন ইতোমধ্যেই পৌরসভায় উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। আশা করছি ফরিদগঞ্জ পৌরসভাকে সবার সহযোগিতা নিয় আধুনিক পৌরসভায় রূপান্তরিত করবো। যদিও করোনা ভাইরাসের কারণে অনেক উন্নয়ন থেমে গেছে। তারপরও এর মধ্যেও আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রকল্প থেকে অর্থ সহায়তা নিয়ে উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেয়া।
মাসিক সভার পর ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বিস্তারিত আলোচনা করেন সব সদস্যরা। সভায় সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, প্যানেল মেয়র আ. মন্নান পরান, মাজহারুল ইসলাম, সেলিনা আক্তার যুথি, পৌর কাউন্সিলর আমিনুল হক, আবুল হাশেম, জাহিদ হোসেন বাবুল, জাহিদ হোসেন, মোহাম্মদ হোসেন, জাকির হোসেন গাজী, সাজ্জাদ হোসেন টিটু, কুসুম বেগম ও খতেজা বেগম উপস্থিত ছিলেন।

০১ জুলাই, ২০২১।