ফরিদগঞ্জ পৌরসভার সচিব খোরশেদ আলমের ইন্তেকাল

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভার সচিব ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি একেএম খোরশেদ আলম ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে অসুস্থ থাকার পর গত সোমবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫৬ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় ফরিদগঞ্জ পৌরসভা মাঠে ও ২য় জানাজা তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার খাসিপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
এদিকে পৌরসভা সূত্রে জানা গেছে, খোরশেদ আলম ১৯৯৪ সালের ৪ এপ্রিল তৎকালীন ফরিদগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ফরিদগঞ্জ উত্তর ইউনিয়নটি পৌরসভায় উন্নীত হলে পর্যায়কমে পদোন্নতি পেয়ে পৌর সচিব হিসেবে সর্বশেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন।
এদিকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
ফরিদগঞ্জ পৌর পরিষদের শোকসভা ও কালো ব্যাজ ধারণ : ফরিদগঞ্জ পৌরসভার সচিব ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি একেএম খোরশেদ আলমের মৃত্যুতে ফরিদগঞ্জ পৌর পরিষদের শোকসভা ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে। পৌর মেয়রের কার্যালয়ে গতকাল বেলা ১১টার দিকে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বক্তারা একেএম খোরশেদ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।
এ কর্মসূচী পালন উপলক্ষে সকালে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা পৌর পরিষদে সমবেত হয়ে প্রথমে কালোব্যাজ ধারণ করেন এবং পরে শোকসভা করেন।
শোক সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, পৌর পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাব উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান পরান, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিনসহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

০৬ এপ্রিল, ২০২২।