ফরিদগঞ্জ পৌর আ.লীগের বিশেষ বর্ধিত সভা

নিজের অস্তিত্ব জাহির করতে গিয়ে যেন দলের সুনাম ক্ষুণ্ন না হয়
……. আবু সাহেদ সরকার
ফরিদগঞ্জ ব্যুরো
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার (৫ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লিয়াকত পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাহফুজুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার।
এসময় তিনি বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। দল গত একযুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকায় উন্নয়নের যেই সুবাতাস বইছে, সেই আলোকে আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নের জন্য অনেক প্রার্থী মাঠে কাজ করছেন। এটা দলের জন্য শুভ দিক। তবে এর পাশপাশি আপনাদের মনে রাখতে হবে, আপনারা সকলেই আওয়ামী লীগের বাইরের কেউ নন। তাই নিজের অস্তিত্ব জাহির করতে গিয়ে যেন দলের সুনাম ক্ষুণ্ন না হয়। সেই সাথে দলীয় মনোনয়ন যার হাতেই উঠুক সকল মনোনয়ন প্রত্যাশী একযোগে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রিপন, মাহাবুব মোর্শেদ, কামরুল হাছান সাউদ, আকবর হোসেন মনির, ইসমাইল হোসেন পাটওয়ারী, আ. গাফ্ফার সজিব, আজমুর বেগম, ছাত্রলীগ সাবেক সভাপতি নেতা আহছান হাবিব মামুন, জসিম উদ্দিন দিদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন মিঠু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামলাল দাসসহ পৌর ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
০৬ ডিসেম্বর, ২০২০।