ফরিদগঞ্জে সাংবাদিকদের ঐক্যবদ্ধতা ধরে রাখতে হবে
…… মুহম্মদ শফিকুর রহমান এমপি
ফরিদগঞ্জ ব্যুরো
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জাতীয় প্রেসক্লাবের
সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক, সমাজের দর্পণ। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছে জেনে খুশি হয়েছি। আশা করছি এই ধারা অব্যাহত রেখে ফরিদগঞ্জ উপজেলার সব ধরনের সংবাদ তুলে ধরার মাধ্যমে একজন আদর্শ গণমাধ্যমকর্মী হিসেবে সুনাম কুড়াবে।
তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের সকল অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতি মুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করে। আমরা সেই সাংবাদিকতাই দেখতে চাই ফরিদগঞ্জসহ সারাদেশে। অবশ্যই আল-জাজিরা চ্যানেলের মতো মিথ্যা ও ভিত্তিহীন এবং একটি রাষ্ট্রের বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র করা নয়। এসব কল্পকাহিনীকে আবার অপরাধ করে দেশছাড়া কিছু সাংবাদিক বিদেশে বসে সমর্থন করছে, যা মেনে নেয়া যায় না। একজন প্রকৃত সাংবাদিক কখনো দেশবিরোধী কাজ করতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত একযুগে দেশের উন্নয়নের মাধ্যমে অনেকদূর নিয়ে গেছেন। করোনাকালে যেখানে আজ সারাবিশ^ উন্নয়নসহ সকল কাজ থেমে গেছে, সেখানে আমাদের উন্নয়নের গতি থেমে যায়নি। কিছুটা শ্লথ হলেও কাজ চলমান রয়েছে। তাই আমাদের সাংবাদিকদেরও এসব কথা জানতে হবে এবং লিখতে হবে।
তিনি বলেন, গত সোমবার উপজেলার সন্তোষপুর এলাকার একটি বাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, অপরাধী কোন দলের হতে পারে না। সেই যে’ই হোক না কেন, আপনারা তার বিষয়ে গণমাধ্যমে তুলে ধরুণ। আইনশৃংখলা বাহিনীকে অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিদের্শনা দিয়ে বলেন, এমন একটি ঘটনা মেনে নেয়া যায় না। সভ্য দেশে প্রকাশ্যে ঘর-বাড়ি জ¦ালিয়ে দেয়া কোন শুভ লক্ষণ নয়। অপরাধকারী কোন দলের, কোন গোষ্ঠীর তা দেখার সময় নেই, তার শাস্তিই একমাত্র বিচার ।
ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, জিএম তাবাচ্চুম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হেলাল উদ্দিন আহমেদ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান সহ-সভাপতি এমকে মানিক পাঠান, মো. মহিউদ্দিন, আমান উল্ল্যাহ আমান, জাকির হোসেন পাটওয়ারী, নির্বাহী সদস্য নারায়ন রবিদাস, জসিম মিজি, দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ। আলোচনা সভার আগে প্রেসক্লাবের পক্ষ থেকে মুহম্মদ শফিকুর রহমান এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা স্মারক প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
২৪ ফেব্রুয়ারি, ২০২১।
