ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যপক মো. মুনছুর হেলাল ভূঁইয়া ও প্রভাষক মো. লোকমান হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) কলেজ মিলনায়তনে তাদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথের সভাপতিত্বে এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজ যে শিক্ষকদের সংবর্ধিত করা হয়েছে। শিক্ষার সিঁড়ি বেয়ে উপরে উঠার পাশাপাশি নিঃসন্দেহে ওনারা ভালো মানুষ হওয়ার কারণে কর্মজীবন শেষে সংবর্ধিত হয়েছে। বর্তমানে আমাদের চোখে পড়ে, অনেক মানুষ শিক্ষিত হয় ঠিকই। কিন্তু ভালো মানুষ হতে পারে না। তাদের ভিতর দেশপ্রেম তথা মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা থাকে না। তোমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনি পড়বে, তাহলে বুঝতে পারবে বঙ্গবন্ধু দেশকে তথা দেশের মানুষকে কত ভালোবাসতেন। তাই তোমরা আগামি প্রজন্মের জন্য শুভ কামনা থাকবে। তোমাদের নিয়ে আমাদের অনেক আশা, তোমরা শিক্ষা জীবন শেষ করে কলেজের তথা শিক্ষা গুরুদের মুখ উজ্জ্বল করবে। মানুষের সাথে আচরণের মাধ্যমে পরিবার ও শিক্ষকদের পরিচিত প্রকাশ পায়। ভালো আচরণের কারণে শিক্ষকদের শ্রম-ঘাম ত্যাগ স্বার্থক হবে। তাই সুশিক্ষিত হওয়ার পাশাপাশি তোমাদের ভালো মানুষ হতে হবে। আজকের এ সংবর্ধিত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যেভাবে তোমরা শিক্ষার্থীরা ও তার সহকর্মীরা স্মৃতি বিজড়িত কথা বলছে। কোন একদিন তোমাদের সহকর্মীরাও সম্মানের আসনে ভূষিত করবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নেপাল দেবনাথ, সহকারী অধ্যাপক রাধেশ্যম কুরী, প্রভাষক বেলায়েত হোসেন, শিক্ষার্থী খাদিজাতুল কোবরা ও সুমাইয়া আক্তার।
অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত শিক্ষকদের কর্মজীবনে নানা বিষয় স্মৃতিচারণ এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বক্তব্য তুলে ধরেন। পরে ফুলসহ বিভিন্ন শুভেচ্ছা উপহার বিদায়ী অধ্যক্ষের হাতে তুলে দেন।
এসময় কলেজের অন্যান্য অধ্যাপক, প্রভাষক ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১৩ ডিসেম্বর, ২০২২।
