স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার চেরাগ আলী মার্কেটের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে চেরাগ আলী মার্কেটের নবনির্মিত সীমানা দেয়ালটি ভেঙে ফেলে। এ সময় বাঁধা দিলে দুর্বৃত্তদের হামলায় ৫ জন নির্মাণ শ্রমিক আহত হয়। এ ঘটনায় মার্কেটের মালিক আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার মো. জিহাদুল কবিরের নির্দেশে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের মালিকানা বিষয়ক কাগজপত্র নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে যাওয়ার জন্য বলে।
সরেজমিনে গেলে স্থানীয় বেশ কয়েকজন দোকানদার জানান, বাবুরহাট চেরাগ আলী মার্কেটের নিজস্ব জায়গায় সীমানা প্রাচীর করার সময় হঠাৎ দুপুরে লোকজন এসে ভেঙে ফেলে। চেরাগ আলী মার্কেটের পাশে মহামায়া মান্দারী এলাকার মনির হোসেন পাটোয়ারী ও নজরুল ইসলাম পাটোয়ারী এলাকার চিহ্নিত ভূমিদস্যুদের কাছ থেকে কিছু জায়গা ক্রয় করে। সেই জায়গায় পৌরসভার প্লান পাস ছাড়া ও অনুমতি না নিয়ে মার্কেট নির্মাণ কাজ শুরু করে। চেরাগ আলী মার্কেটের মালিক আনোয়ার হোসেন মোল্লা, জহিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম তারা তিন ভাই ১৯৯৯ সালে ক্রয়কৃত ও বিশ বছর যাবত ভোগকৃত সম্পত্তির পথের জায়গা দখল করার চেষ্টা করে মনির ও নজরুল ইসলাম পাটোয়ারী। সেই ঘটনায় পুলিশ কিছুদিন আগে ঘটনাস্থলে গিয়ে কাজ করতে বাঁধা দেয়।
গতকাল বুধবার সকালে চেরাগ আলী মার্কেটের মালিক তার পথে জায়গা রক্ষা করতে বিগত ২০ বছরের পুরনো সীমানা প্রাচীর সংস্কারের কাজ শুরু করে। ঠিক সে সময়ই মনির হোসেন ও নজরুল ইসলাম এলাকার এক ভূমিদস্যুকে সাথে নিয়ে সন্ত্রাসীদের দিয়ে হামলা চালায়। তাদের হামলায় বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক আহত হয়।
এ ঘটনায় চেরাগ আলী মার্কেটের মালিক জাহাঙ্গীর আলম জানান, বাবুরহাটে ৯৩নং আশিকাটি মৌজার সিএস ২৩৪ এস এ ২০১ বিএসসি চূড়ান্ত ৮৯৫ খতিয়ানে ২১৮ দাগের ২০ শতক জায়গা ক্রয় করে ১৭ শতাংশ জায়গার উপর ১৯৯০ সালে ইমারত নির্মাণ আইন বিধি অনুযায়ী মার্কেটের কাজটি করা হয়। মার্কেটের পাশে আরো তিন শতক জায়গা রয়েছে। আমাদের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করার সময় সেই ভূমিদস্যুরা অতর্কিত হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভেঙে ফেলে। তারা ভুয়া বিএস খতিয়ান ও ভুয়া দলিল বানিয়ে নিজেরা জায়গা দাবি করে দখল করার পাঁয়তারা করছে। ইতোমধ্যে তাদের ভুয়া বিএস বাতিল হয়েছে এবং আবেদন দাগ খারিজ হয়ে গেছে। তাদের বিরুদ্ধে পুলিশ সুপার, চাঁদপুর মডেল থানা ও পৌরসভা অভিযোগ দায়ের করা হয়েছে।
