
মোজাম্মেল প্রধান হাসিব
প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজ সেবাই বিশেষ অবদান রাখায় মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১২টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এক সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের কর্মসূচি সমন্বয়কারী মো. আহসানুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের প্রোগ্রাম পরিচালক এডব্লিউএম ওয়াহিদুজ্জামান, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা ও সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পারসন মো. কবির আহম্মেদ।
এসময় শ্রেষ্ঠ প্রবীণ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর আবিদুর রেজা তালুকদার, ইউএস বাংলা গ্রুপের চেয়ারম্যান আলহাজ তোফাজ্জল হোসেন ঢালী, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক একেএম আব্দুল মতিন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক সৈয়দ আবুল বাসার, রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম সিরাজুল ইসলাম তালুকদার, নারায়ণপুর গ্রামের সমাজসেবক আব্দুল মতিন পাটোয়ারী এবং শ্রেষ্ঠ সন্তান হিসেবে নারায়ণপুর বায়েজিদ মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর ফারুক (শেখ শাহীন), চাঁদপুর হোসেনপুর আলিম মাদ্রাসার প্রভাষক মো. কবির হোসেন ও দুবাই প্রবাসী ও সমাজসেবক মো. শাহাদাত হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
