মতলবকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি উন্নয়নে ঢেলে সাজানো হবে
……….মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন বলেছেন, আপনারা আমার পাশে থাকলে মতলবকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজানো হবে। গত ২৫ এপ্রিল বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পঞ্চম উপজেলা পরিষদের প্রথম সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনগণের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবেসে আমাকে নির্বাচিত করে যে দায়িত্ব দিয়েছেন তা যেনো যথাযথভাবে পালন করতে পারি, সে ব্যাপারে দোয়া ও সহযোগিতা করবেন। এলাকার উন্নয়নমূলক কাজ করার জন্য পরামর্শ দিবেন। কোনো কাজে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুলের চিন্তা চেতনা অর্থাৎ মাদক, সন্ত্রাস, চাদাবাজ ও শোষণমুক্ত আধুনিক মতলব গড়ার প্রত্যয়ে কাজ করা হবে। আপনাদের এলাকার যে কোনো সমস্যা সমাধানের জন্য উপজেলা পরিষদের কর্মকর্তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খান, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, আনিছুজ্জামান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী। অনুষ্ঠানের আগে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের উপজেলা প্রশাসন, পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় এবং মতলব উত্তর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এমএ কুদ্দুসের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

