মতলবে নিখোঁজ শিশু সদরঘাট থেকে উদ্ধার


মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণ উপজেলার মধ্যম দিঘলদী গ্রামের হাসান নামে ১২ বছরের এক শিশুকে সদরঘাট থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১ মাস পর গতকাল সোমবার দুপুরে সদরঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেন মতলব দক্ষিণ থানার এসআই শাহনূর। শিশুটি মধ্যম দিঘলদী গ্রামের প্রতিবন্ধী আনোয়ার হোসেন মল্লিকের ছেলে। সে দিঘলদী এমএ সাত্তার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, হাসান গত ২৯ অক্টোবর সকালে তার বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করে না পেয়ে তার মা অঞ্জুমানা বেগম মতলব দক্ষিণ থানায় গত ৮ ডিসেম্বর একটি সাধারণ ডায়রি (নং-২৮০) করেন।
আঞ্জমানা বেগম জানান, ছেলে হাসান নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর বাবা গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট এলাকায় আট দিন যাবত খুঁজতে থাকেন। সেখানে স্থানীয় টোকাইদের দেয়া তথ্য অনুযায়ী হাসানের সন্ধান পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশকে তিনি জানান। পরে এসআই শাহানুর হাসানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার পরিবারের কাছে হস্তান্তর করে।