মতলব উত্তরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

মতলব উত্তর ব্যুরো
আগামি ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনকল্পে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলের নির্দেশক্রমে মঙ্গলবার (১৫ জুন) বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান অফিসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মাষ্টার, ক্রীড়া সম্পাদক নূরুল আমিন বোরহান, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কৃষক লীগ সাধারণ সম্পাদক জি এম ফারুক, যুবলীগ সভাপতি দেওয়ান মো. জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে (হুমায়ুন সাহেবের বাড়ি) এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় ক্ষমতাসীন দলটির। এরপর জাতি গঠনের প্রতিটি সোপানে-স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ অবদান রাখে আওয়ামী লীগ।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠার সময়ে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ নাম ধারণ করলেও ১৯৫৫ সালে এই দল ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। দলের নামকরণ করা হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। আওয়ামী লীগের নেতৃত্বে ৬৬-এর ৬ দফা, ৬৯-এর গণআন্দোলনসহ দীর্ঘ সংগ্রামের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাঙালি জাতি। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর পূর্তিতে সীমিত আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাগমের কর্মসূচি এড়িয়ে ডিজিটাল মাধ্যমে কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী।

১৬ জুন, ২০২১।