মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার নয়াকান্দি শিকিরচর গ্রামের ওয়াসিম হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান ওরফে বালু মিজান ও আরিফ হোসেনকে ১০ দিনের রিমান্ড চেয়ে চাঁদপুর আদালতে সোপর্দ করে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আটক আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান ওরফে বালু মিজান ও আরিফ হোসেনকে ঢাকার উত্তরা ও আশপাশের এলাকা থেকে রোববার রাতে আটক করেছে।
জানা গেছে, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামালের নির্দেশ এসআই আফসার উদ্দিন ও এসআই হাবিবুর রহমান ঢাকা সিটির উত্তরার আশপাশের বিভিন্ন স্থানে দীর্ঘ ৪৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের দুই সহোদরকে আটক করে। অন্যান্য আসামিদের আটকের জন্য অভিযান চলছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই আফসার উদ্দিন।
পুলিশ আরো জানায়, ২৯ জুন দিবাগত রাতে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার নয়াকান্দি শিকিরচর গ্রামে আটক আসামিরা আপন চাচাতো ভাই ওয়াসিমকে হত্যা করে। পরদিন ৩০ জুন সকালে মতলব উত্তর থানা পুলিশ ওয়াপদা খাল থেকে ওয়াসিমের লাশ উদ্ধার করে। ওইদিনই ওয়াসিমের মা বাদী হয়ে মিজানুর রহমান ওরফে বালু মিজানকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। ঘটনার ৪৮ দিন পর দুই আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
নিহতের স্ত্রী ইয়াছমিন আক্তার বলেন, দুই আসামি আটক হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি। বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি।
মামলার বাদী জাহানারা বেগম বলেন, আমার সন্তানের হত্যার সুষ্ঠু বিচার চাই। আর যেন কোন মায়ের কোল আমার মতো খালি না হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, জমি জমা বিরোধে ওয়াসিমকে হত্যা করে ওয়াপদা খালে ফেলে লাশ গুমের চেষ্টা করে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। আমিসহ থানার বেশির ভাগ অফিসার করোনায় আক্রান্ত হওয়ায় আসামিদের ধরতে দেরি হয়। আটক আসামি মিজান ও আরিফকে ১০ দিনের রিমান্ড চেয়ে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
১৯ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে ওয়াসিম হত্যা আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ
