মতলব উত্তরে পালস্ এইড হাসপাতালে তদন্ত কমিটির পরিদর্শন

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারস্থ পালস এইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি সোমবার (৯ নভেম্বর) মতলব উত্তরের পালস্ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আসেন।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাউসার হিমেল জানান, আমাদের যেসব তথ্যের প্রয়োজন তা সংগ্রহ করেছি এবং তদন্ত করে এসেছি। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় জমা দিবো। তারপর সিভিল সার্জন কার্যালয় আবার তা ঢাকা পাঠাবে। তদন্ত কমিটিতে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডা. ফাতেমা আক্তার ও মেডিকেল অফিসার ডা. ঈসা রুহুল্লাহ তদন্তকারী কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর শুক্রবার রাতে পালস্ এইড জেনারেল হাসপাতালে হাসপাতালের মালিক ডা. আকলিমা জাহান তানিয়ার ভুল চিকিৎসায় ঠাকুরচর গ্রামের আবুল খায়ের খানের স্ত্রীর মৃত্যু হয়।
১০ নভেম্বর, ২০২০।