
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই মার্চ মুজিব জন্ম শতবর্ষ, ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালনকল্পে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে। ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি ওইদিন হচ্ছে না। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বার্থে ও জনকল্যাণে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ইউএনও জহিরুল হায়াত।
মতলব উত্তর পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, করোনা পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস ও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। বড় পরিসরে জনসমাগম করা হবে না। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় অনুষ্ঠানসূচিতে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, বড় আকারের জনসমাবেশ পরিহার করে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানগুলো চলবে। আমরা আমাদের জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করব। বছরজুড়ে মুজিব বর্ষের অনুষ্ঠান চলবে। তার মতে, এটি অনুষ্ঠান স্থগিত রাখা নয়; অনুষ্ঠান কিন্তু চলবে। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইউম খাঁন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান আহম্মেদ মুন্সি, ছেংগারচর পৌর বাজার সমবায় সমিতির সভাপতি হাজি মনির হোসেন বেপারী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ছানাউল্লাহ মোল্লা, ষাটনল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জহিরুল হাসান মিন্টু, ছেংগারচর জেনারেল হাসপাতালের সত্ত্বাধিকারী সুমনা আক্তার, বারিয়া ডায়াগণস্টিক সেন্টারের মালিক দেলোয়ার হোসেন।
এছাড়া মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর মালিক, বিভিন্ন বাজারের সমবায় সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা জানান, তারা ১৭ মার্চ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ২০% টাকা কম নেবেন। বিভিন্ন বাজারের ব্যবসায়ীরাও ওই দিন সকল পণ্য বেচাকেনা ৫% টাকা কম নেবেন গ্রহিতাদের কাছ থেকে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পক্ষ থেকে সকল সেবায় ২০% টাকা কম নেয়াসহ ভিডিওর মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি দেন।
উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করবে। শিক্ষার্থীদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশ প্রদান করা হয়।
