মতলব উত্তরে মাদক কারবারী নাসির ৭৫ পিস ইয়াবাসহ আটক

পুলিশের বিশেষ অভিযান

মতলব উত্তর বুরো
মতলব উত্তর উপজেলার এখলাছপুর থেকে মাদক কারবারী নাসির উদ্দিন গাজীকে ৭৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসআই ফিরোজ মাহামুদের নেতৃত্বে এসআই নাহিদ হোসেন, এএসআই আনিছুর রহমান চৌধুরী, কনসটেবল কৃষ্ণ দেবনাথের সমন্বয়ে মতলব উত্তর থানা পুলিশের একটি টিম এখলাছপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারী নাছির উদ্দিন গাজী (৪৫) কে ১৮ মে দিবাগত রাতে এখলাছপুর বাজারস্থ মা-বাবার দোয়া ডেকোরেটার্সের ভেতর থেকে ৭৫ পিস ইয়াবাসহ আটক করেন।
নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, এখলাছপুর গ্রামে গত ৩ দিন আগে মতলব উত্তর পুলিশ অভিযান চালিয়ে ছবির নামের অপর এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল। উপর্যুপরি অভিযানের মুখে এখলাছপুরে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে পুলিশকে সাধুবাদ জানিয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স ফাইট’ চলতে থাকবে। তিনি মাদক নির্মূলে সব মহলের সহযোগিতা কামনা করেন।