মতলব উত্তর উপজেলা আ.লীগের বর্ধিত সভা

যোগ্য নেতৃত্বের মাধ্যমে উপজেলা আ.লীগকে ঢেলে সাজাতে হবে
…… অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি
স্টাফ রিপোর্টার
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুল। আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্র করে এই বর্ধিত সভা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয় আওয়ামী লীগকে পরিচ্ছন্ন রাখতে তিনি শুদ্ধি অভিযান চালাচ্ছেন। এমপি রুহুল আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামি সম্মেলনে যোগ্য নেতৃত্বের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হবে। সেজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহিদ উল্লা প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন আগামি ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তাই কেন্দ্রিয় নির্দেশনা অনুসারে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো জাতীয় সম্মেলনের আগে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। সেই দিকে বিবেচনায় নিয়ে গতকাল শনিবার সকালে উপজেলা মিলনায়তনে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ সদস্য তাদের বক্তব্যে মেয়াদোত্তীর্ণ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করার তাগিদ দেন এবং আহ্বায়ক কমিটি করে তাদের নেতৃত্বে ওয়ার্ড হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি করার জন্য জোরালো বক্তব্য রাখেন।
সে সময়ে বক্তারা আরো বলেন, সামনে জাতীয় সম্মেলন তাই এই স্বল্প সময়ে নতুন করে প্রাথমিক সদস্য করা সম্ভব নয় তাই উপজেলা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটি করে তাদের নেতৃত্বে সব কমিটি করতে উপস্থিত নেতৃবৃন্দের কাছে দাবি করেন।
উল্লেখ্য, বর্তমান উপজেলা আওয়ামী লীগের কমিটি দীর্ঘ ১৪ বছর। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের কমিটি দীর্ঘ সময় ধরে চলার কারণে ঝিমিয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের কমিটি না হওয়াতে পদবঞ্চিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে বর্ধিত সভা শেষ হয়।