মতলব দক্ষিণে আহত আ.লীগ ও ছাত্রলীগ নেতার পাশে উপজেলা চেয়ারম্যান

দুষ্কৃতকারীদের হামলায়

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে কতিপয় দুস্কৃতকারীদের হামলায় গুরুতর আহত হয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দু’নেতা। আহত আওয়ামী লীগ নেতা মো. কবির হোসেন (৩৩) ও ছাত্রলীগ নেতা সাগর (২০) বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের দু’জনের বাড়ি ওই ইউনিয়নের আধারা গ্রামে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আধারা গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলার ঘটনাটি ঘটায় একই এলাকার নাসির উদ্দিন, স্বপন, নজরুল, জসিম, মবিন, রাজিব, মামুন ও মেহেদীসহ আর ৫/৭ জন অজ্ঞাত যুবক।
আহতরা জানান, হামলাকারীদের মধ্যে অনেকেই মাদক ব্যবসার সাথে জড়িত। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিতভাবে এ হামলার ঘটনাটি ঘটিয়েছে তারা। হামলার খবর পেয়ে গতকাল শনিবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন তাদেরকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। এ সময় তিনি চিকিৎসার খোঁজ-খবর নেন এবং হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেয়ার আশ্বাস দেন।
এ সময় উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান গোলাম মোস্তফা, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. নাসির, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, ছাত্রলীগ নেতা অনিকসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হামলাকারীদের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।