আম পাড়তে গিয়ে কচুয়ায় চলন্ত পিকআপ থেকে পড়ে প্রাণ গেল হেলপারের

আহসান হাবীব সুমন
কচুয়া-গৌরিপুর ভায়া ঢাকা সড়কের দাউদকান্দির খাজা মার্কেট এলাকায় চলন্ত গাড়ির ওপর থেকে আম পাড়তে গিয়ে নিচে পরে পিকআপের চাকায় পিষ্ট হয়ে সোহাগ (১৯) নামের এক হেলপাল মারা গেছে। নিহত সোহাগ বি-বাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সোহাগ মিয়ার মাথা ও বিভিন্ন অংশ থেতলে যায়।
পরে লাশ ও ঘাতক পিকআপ নিয়ে (যার নং ঢাকা মেট্রো-ন, ১৩-৮৬৫৯) সাচারে একটি হাসপাতালে আসলে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ পিকআপ চালক সোহাগ শেখ (২৫) ও সাউন্ড সিস্টেমের মালিক আবুল হাসান (৩০) আটক করে থানায় নিয়ে যায়।
চালক সোহাগ শেখ জানান, বৃহস্পতিবার সকালে ঢাকার বাড্ডা থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা চেয়ারম্যান সোহরাব উদ্দিন আজাদ সোহেলের সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের মালামাল নিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে ঘটনাস্থলে সোহাগ গাড়ির মালামালের ওপর থেকে আকস্মিকভাবে আম পাড়তে গিয়ে নিচে পড়ে গাড়ির চাপায় মারা যায়। স্থানীয়রা জানান, সাউন্ড সিস্টেমের মালিক আবুল হাসান গাড়িতে মালামাল বোঝাই করে ওই মালের উপর তার ৪ সহযোগী কর্মীসহ লক্ষ্মীপুরে যাচ্ছিল। পিকআপে অসাবধানতাবতশঃ একজন ছিটকে পড়ে যায়।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. ওয়ালিউল্যাহ জানান, চালককে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের হবে।