
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। গত বৃহস্পতিবার বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার বিকালে বাজারের দক্ষিণ পাশের অবৈধ ফুটপাত দখলমুক্তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়–য়া। এ সময় ৪ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা এবং ফুটপাত দখলে রাখা ও ভ্রাম্যমাণ আদালতে বাধা প্রদান করায় একজনের মালামাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পরবর্তীতে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অপরদিকে বাজারের উত্তর পাশে অবৈধ ফুটপাত দখলমুক্তে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী। তিনি দু’জন ব্যবসায়ী এবং একজন চালককে ৪ হাজার ৫’শ টাকা জরিমানা করেন। এছাড়া যানবাহনে যাত্রীদের হয়রানী ও অসদাচরণের দায়ে দু’জন আটক করে ভ্রাম্যমাণ আদালত। তাদের মুচলেকা দিয়ে পরিবারের হাতে তুলে দেয়ার নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে গত ১৮ এপ্রিল বাজারের যানজট নিরসনে এবং ফুটপাত দখলমুক্তকরণে সড়কের দু’পাশের স্থায়ী ব্যবসায়ী ও ফুটপাত দখলকারীদের দিক-নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়–য়া। এর এক সপ্তাহ পর গত ২৫ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক যানজটমুক্ত পরিবেশ, পথচারীদের চলাচল এবং আসছে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের নিরাপদ ও স্বাচ্ছন্দে কেনাকাটা এবং নির্বিঘেœ ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা ও ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় কার্যক্রম পরিচালনায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের রাস্তার দক্ষিণ পাশে ফুটপাত দখলে রাখায় ৪ জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়–য়া। জরিমানাপ্রাপ্তরা হলেন- ব্যবসায়ী লিটন সাহা (১ হাজার), বিদ্যা সাগর (১ হাজার), ফয়সাল (২ হাজার) এবং ইমান হোসেন (১ হাজার টাকা)। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাঁধা সৃষ্টি করায় একজন ফুটপাত দখলকারীর মালামাল জব্দ করেন। এ সময় তিনি ফুটপাত সংলগ্ন ব্যবসায়ীদের দিক-নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অপরদিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের উত্তর পাশে ফুটপাত দখলে রাখায় ২ জন ব্যবসায়ী এবং একজন চালককে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী। জরিমানাপ্রাপ্তরা হলেন- ব্যবসায়ী গৌরাঙ্গ সাহা (২ হাজার) ও আবু হেনা বাবলু (২ হাজার) এবং চালক মো. জসিম (৫শ’ টাকা)। এছাড়া যানবাহনে যাত্রীদের হয়রানী ও অসদাচরণের দায়ে দু’জন আটক এবং ফুটপাত সংলগ্ন ব্যবসায়ীদের দিক-নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের মতো হাজীগঞ্জেও যানজট নিরসনে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, রমজান সন্নিকটে, তারপর ঈদুল ফিতর। রমজান মুসলিম ধর্মালম্বীদের আত্মশুদ্ধির মাস। এ মাসে নির্বিঘেœ ও নিরাপদে ধর্মীয় এবং ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি, পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রশিদ, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. খলিলুর রহমান, উপ-পরিদর্শক মো. সুমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক নূর মোহাম্মদ, নাজিম উদ্দিন, জহিরুল ইসলামসহ পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তারা।
