রাজারগাঁওয়ে ছাত্রীদের মাঝে বাইসাকেল বিতরণ

ছাত্রীদের পুষ্টিকর খাবার গ্রহণ ও স্বাস্থ্য সচেতন হতে হবে
…….ইউএনও বৈশাখী বড়ুয়া
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে রাজারগাঁও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজারগাঁও ইউনিয়ন পরিষদের ‘এলজিএসপি’ প্রকল্পের আওতায় ৩০টি বাইসাইকেল ও ১৮৫৫টি স্যানেটারি ন্যাপকিন ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে রাজারগাঁও ফাজিল মাদরাসা, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় ও মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ করেন।
এর আগে ছাত্রীদের মাঝে প্রেরণামূলক বক্তব্য দেন ও স্বাস্থ্য সচেতন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন ইউএনও বৈশাখী বড়ুয়া। তিনি বলেন, সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে পুষ্টিকর খাবার গ্রহণ ও স্বাস্থ্য সচেতন বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ করতে হবে। এখানে লজ্জার কোন বিষয় নেই। কোথাও কোন ধরনের সমস্যা অনুভূত হলে মা, বড় বোন অথবা বিদ্যালয়ের শিক্ষিকা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে।
তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে সরকারিভাবে অনেক হটলাইন ফোন নম্বর ও স্বাস্থ্য সচেতন বিষয়ে অনেক বই রয়েছে। এসব ফোন নম্বরের টোল ফ্রি। প্রয়োজনে সেসব ফোন নম্বর থেকেও সেবা নেয়া যাবে। এ ছাড়াও স্বাস্থ্য বিষয়ক বই পড়েও, তোমরা অনেক কিছু শিখতে পারবে। এরপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। তিনিও ছাত্রীদের উদ্দেশ্যে স্বাস্থ্য সচেনতামূলক বক্তব্য রাখেন।
রাজারগাঁও ইউপির চেয়ারম্যান আলহাজ আ. হাদীর সভাপতিত্বে এদিন সকালে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন এবং দূরবর্তী ও অস্বচ্ছল ১০জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. শাহপরান। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহজালাল চৌধুরী মানিক ও মনির হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।
এরপর মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন এবং দূরবর্তী ও অস্বচ্ছল ১০জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন ইউএনও বৈশাখী বড়ুয়া। এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। শিক্ষক রবিউল আউয়াল বিপ্লবের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সেলিম প্রধানীয়াসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন এবং দূরবর্তী ও অস্বচ্ছল ১০জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন ইউএনও বৈশাখী বড়ুয়া। এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মানিক রঞ্জন সরকার। শিক্ষক তারেক হোসেনের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য ডা. আনিছুর রহমান জুয়েল ও রোমান হোসেনসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সবশেষে রাজারগাঁও ফাজিল মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করেন ইউএনও বৈশাখী বড়ুয়া। এ সময় বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাও. আনিছুর রহমান। প্রভাষক তাহমিনা আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রভাষক এমরান হোসেন, মৌলভী আবু বকর ছিদ্দিকসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
৮ নভেম্বর, ২০২০।