রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
রাষ্ট্রীয় মর্যাদায় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সরকারি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বেপারীর (৬৮) জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মরহুমের বাড়ি ফরিদগঞ্জের সুবিদপুর গ্রামে এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।
এসময় রাষ্ট্রীয় মর্যাদা ও সালাম প্রদান করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার ও ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সহিদ উল্যাহ তপাদার, মুক্তিযোদ্ধা সফর আলী, খালেদ খান, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, দৈনিক ইল্শেপাড়ের সহ-সম্পাদক মনির হোসেন, ইউপি চেয়ারম্যান মাও. শারাফাত উল্যাহ, ব্যবসায়ী বেলায়েত হোসেনসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। মরহুমের জানাজা পরিচালনা করেন মুফতি মো. ইউসুফ উদ্দিন।
মরহুমের বড় ছেলে মো. আনোয়ার হোসেন ও মুস্তাফিজুর রহমান ছোটন জানান, গত বুধবার বাবার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা বাবাকে দেখে স্ট্রোক করছেন বলে জানান এবং চিকিৎসা দেন। উন্নত চিকিৎসার জন্য আজ (বৃহস্পতিবার) ১২টার সময় ঢাকা নেওয়ার কথা ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে—-রাজিউন)। আমার বাবার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করতে অনুরোধ করছি।
তিনি আরো জানান, তার বাবা দেলোয়ার হোসেন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সুবিদপুর পূর্ব ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সরকারি চাকরিজীবী ছিলেন। মৃত্যুকালে এই মুক্তিযোদ্ধা কমান্ডার স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

০৩ ডিসেম্বর, ২০২১।