মোহাম্মদ হাবীব উল্যাহ্
লাইফ সাপোর্টে রয়েছেন হাজীগঞ্জ পৌরসভা কৃষক লীগের সভাপতি মো. আবুল কালাম মিয়া। গত ৩১ অক্টোবর তাঁকে পিজি হাসপাতালের (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) আইসিইউতে নেয়া হয়েছিল। অবস্থা আশংকাজনক হওয়ায় ওই দিন থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে দলীয় নেতা-কর্মীসহ উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন মো. আবুল কালাম মিয়ার বড় ছেলে, সাপ্তাহিক মানবখবরের প্রকাশক ও সম্পাদক মুনছুর আহমেদ বিপ্লব। তিনি বলেন, গত ২৪ অক্টোবর তার বাবা আবুল কালাম মিয়া ব্রেনস্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এরপর স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় গত ৩১ অক্টোবর মো. আবুল কালাম মিয়াকে আইসিইউতে নেয়া হয় এবং অবস্থা আশংকাজনক হওয়ায় ওই দিন থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
উল্লেখ্য, মো. আবুল কালাম মিয়া হাজীগঞ্জ পৌর কৃষক লীগের সভাপতি ও পালিশারা মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি দীর্ঘদিন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
৮ নভেম্বর, ২০২০।
