শান্তিপূর্ণ পরিবেশে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

ফারুক সভাপতি ও মিজান সম্পাদক নির্বাচিত

নবী নোমান
কথা রেখেছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো. মাহফুজুল হক। তিনি যেকোন মূল্যে দলীয় বিবেচনার উর্ধ্বে উঠে সুষ্ঠু ও অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন করার যেই আশ্বাস দিয়েছেন। ফরিদগঞ্জ থানা পুলিশ, সাংবাদিক এবং প্রার্থীদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত পৌরসভায় ৩টি বুথে মোট ৮৮৭ জন ট্রেড লাইসেন্সধারী ভোটার ভোট প্রদান করেন। যেহেতু করোনাকাল, তাই ভোটার, প্রার্থী ও সমর্থক সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হয়েছে। পুলিশের নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেনের উপস্থিতিতে অর্ধশত পুলিশের নিচ্ছিদ্র পাহারায় সুন্দরভাবে এই নজিরবিহীন শান্তিপূর্ণ এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মোট ১৭টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ৯টি পদে ভোট প্রদান করেন ভোটাররা।
ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন শেষে রাত ৯টায় পৌর মেয়র মাহফুজুল হক প্রিজাইডিং অফিসারের অনুমতিক্রমে ভোটের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. ফারুকুল ইসলাম ৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন এবং সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান বাবুল বিজয়ী হন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌরসভার সচিব একেএম খোরশেদ আলম জানান, নিবার্চনের মোট ১৭টি পদের সাধারণ সদস্য পদে ৬টি, ক্রীড়া সম্পাদক, প্রচার সম্পাদক পদে একজন করে প্রার্থী থাকায় মোট ৮টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে নির্বাচনে সভাপতি পদে দু’জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত মিয়া (প্রাপ্ত ভোট ৩০২) ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুকুল ইসলাম (প্রাপ্ত ভোট ৩০৮)। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- অহিদ পাটওয়ারী (প্রাপ্ত ভোট ১৩৯), মিজানুর রহমান বাবুল (প্রাপ্ত ভোট ৩১৩) ও নুরুল আমিন পাটওয়ারী (প্রাপ্ত ভোট ১৩১)। সহ-সভাপতির ২টি পদের ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- মাসুদুর রহমান (প্রাপ্ত ভোট ২৬০) ও আলী হায়দার পাঠান (প্রাপ্ত ভোট ৩৫৪) ও শফিকুর রহমান মৃধা (প্রাপ্ত ভোট ২৪৬)।
সহ-সাধারণ সম্পাদক পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- আবুল হোসাইন (প্রাপ্ত ভোট ৩৭৭) ও শিমুল পাটওয়ারী (প্রাপ্ত ভোট ১৬৫)। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- আনোয়ার হোসেন (প্রাপ্ত ভোট ৩৭১) ও নজরুল ইসলাম (প্রাপ্ত ভোট ২২৯)। কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- সোহেল পাটওয়ারী (প্রাপ্ত ভোট ৩০৭) ও আবুল হোসেন (প্রাপ্ত ভোট ২৫৯)। দপ্তর সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- ফিরোজ আলম (প্রাপ্ত ভোট ২১৫) ও মাইনুল হাছান (প্রাপ্ত ভোট ৩৪০)। সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- ওমর ফারুক (প্রাপ্ত ভোট ৩৮৭) ও নাছির উদ্দিন হাজারী (প্রাপ্ত ভোট ১৯১)।

২২ অক্টোবর, ২০২০।