শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিনিধি প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজের বাসার তালা ভেঙে মোটর সাইকেল চুরি সংঘটিত হয়েছে। গত শনিবার রাতে পৌরসভার শ্রীপুর এলাকার মিয়াবাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সাংবাদিক জানান, তিনি প্রতিদিনের মতো সংবাদ সংক্রান্ত কাজ সেরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে চোরের দল রাতের কোন এক সময় বাসায় সুকৌশলে প্রবেশ করে কলাপসিবল গেটের তালা ভেঙে বাইকটি নিয়ে কেটে পড়ে।
সকালে তিনি ঘুম থেকে উঠে বাসার সিঁড়ি ঘরের কলাপসিবল গেটের তালা খোলা দেখতে পান। সেখানে রাখা তার কালো রঙের ডিসকভারী-১২৫ সিসি, ইঞ্জিন নং-৩৬৯৯৭এবং সেসিস নং ৯২২৩৭ মোটর বাইকটি নেই। পরে বাইকটির সন্ধানে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করে না পেয়ে শাহরাস্তি থানায় একটি সাধারণ ডায়রি করেন। পরে বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম অবগত হয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
ঐ সময় ঘটনাস্থল পরির্দশনে উপস্থিত ছিলেন এসআই কতুব উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা। এছাড়া বাইক চুরির ঘটনার শিকার সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজের প্রতি সমবেদনা জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, মফস্বল সাংবাদিক ফোরামের সব সদস্য ও নেতৃবৃন্দ।
