শিক্ষকদের সাথে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা


শিক্ষা ব্যবস্থায় কোন অবস্থায় দুর্নীতি সহ্য করা হবে না
……………দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ
নবী নোমান
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমি বাংলাদেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। তাতে মনে হয়েছে, আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটিগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। যার ফলে শিক্ষা কার্যক্রমে কিছুটা হলে ব্যঘাত ঘটছে। কমিটির নামে কিছু অসাধু আছেন, অযথাও শিক্ষকদের চাপ প্রয়োগ করে শিক্ষা কার্যক্রমে বাঁধা সৃষ্টি করছে। ভবিষ্যতে তাদেরও ছাড় দেয়া হবে না। যে শিক্ষা আমাদের শিক্ষার্থীদের মেধার বিকাশ ও সমক্ষমতা বৃদ্ধি করতে পারে না, সেই শিক্ষা শিক্ষাই নয়। অভিভাবকরা তাদের সন্তানকে শুধু পাস করার জন্য সন্তানকে স্কুলে পাঠায় না, তাদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্যও পাঠায়। একটি প্রতিষ্ঠানের শতভাগ পাস করাই মুখ্য বিষয় নয়, ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার মূল ভিত্তি রয়েছি কিনা তা পরখ করা প্রয়োজন। তাই শিক্ষকদের তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আপনাদের মনে রাখতে হবে দায়িত্ব পালন না করাও একটি অপরাধ।
গতকাল রোববার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইকবাল মাহমুদ আরো বলেন, সরকার ও আমাদের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালে মধ্যে আমাদের দেশ ও শিক্ষা ব্যবস্থাকে একটি মানসম্মত স্থানে নিয়ে যাওয়া। আর সেই লক্ষ্যকে চিন্তা করে আমরা অতীতকে পিছে ফেলে, ২০১৯ সাল থেকে সরকার ও সমগ্র জাতির ইচ্ছা বাস্তবায়ণে জন্য দুদক কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে হচ্ছে। শিক্ষা ব্যবস্থা থাকবে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত। এখানের কারোও অসযোগিতা ভাব বা দুর্বলতা কিংবা দুর্নীতি কোন অবস্থায় সহ্য করা হবে না। কারণ দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে একটা সুন্দর ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা ও তার পরিবেশ চালু করতে হবে। তাহলে আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর হবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, আমার অনুরোধ, আমাদের আগামী প্রজন্ম যেন শিক্ষা জীবন থেকে নৈতিক মূল্যবোধ নিয়ে শিক্ষার্থীরা বেড়ে উঠতে পারে। শিক্ষক শিক্ষকই। স্বয়ং প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি কিভাবে তার শিক্ষকদের সম্মান করেন। রাষ্ট্রপতির কাছে আমরা কয়েকদিন আগে কিছু সুপারিশমালা প্রেরণ করেছি। সেই সময় রাষ্ট্রপতি আমাদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে কাজ করতে বলেছেন। আমরা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছি, এবছর আমরা শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করবো। আমরা আপনাদের কর্মকা-ের উপর দৃষ্টি রাখবো। তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা নির্ভয়ে কাজ করবেন। দুদক আপনাদের পাশে রয়েছে। কেউ আপনাদের সঠিক দায়িত্ব পালন করতে বাঁধা দিলে আপনারা ডিসিকে জানাবেন। আমরা তাকে চ্যাপ্টা করে দিবো। আমার নিজ এলাকা যেহেতু ফরিদগঞ্জ, তাই চাই এখান থেকেই আমরা এ ব্যাপারে যাত্রা শুরু করবো।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজের পরিচালনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক সোহেল আহম্মদ প্রমুখ।