
সাহেদ হোসেন দিপু
আগামি ২২ জুন শুরু হতে যাওয়া জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৯ উপলক্ষে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও এমটিইপিআই (ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লার পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী, শিক্ষা অফিসার জুলেখা শারমিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব, স্বাস্থ্য পরিদর্শক বেনজির আহমেদ, গোপাল চন্দ্র ধর (ইনচার্জ)।
সভায় জানানো হয় আগামি ২২ জুন হাইমচরের ৬টি ইউনিয়নের ১৪৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৫শ’ ৭৫ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১১ হাজার ৮শ’ ৮০ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। কেন্দ্রগুলোতে ২শ’ ৮৮ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। সভায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ডা. মো. বেলায়েত হোসেন।
