হাজীগঞ্জের সিহিরচোঁ সপ্রাবির ক্ষুদে শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলা নিশ্চিত করতে হবে
………….সিআইপি জয়নাল আবেদীন মজুমদার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এ জেলা পর্যায়ে রানারআপ ট্রফি অর্জন করায় ক্ষুদে শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন বিদ্যালয়ের সভাপতি এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক সিআইপি জয়নাল আবেদীন মজুমদার। এ সময় তিনি বিদ্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি টিভি) উদ্বোধন করেন।
আবেদীন গ্রুপের পরিচালক মারুফ আবেদীন মজুমদারের আয়োজনে গত শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিআইপি জয়নাল আবেদীন মজুমদার বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়ালেখার পাশাপাাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা নিশ্চিত করতে হবে।
তিনি ক্ষুদে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তান আপনার, দায়িত্বও আপনার। তাকে প্রতিষ্ঠিত করতে হলে, স্বপ্ন দেখাতে হবে এবং স্বপ্ন দেখতে হবে। সে স্বপ্ন বাস্তবায়নে তাদের সুশিক্ষা ও ধর্মীয় মূল্যাবোধ শিক্ষা দিতে হবে। এবং কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। বর্তমান বিশ্বে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। এই শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে উপজেলাভিত্তিক কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে সরকার। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী মজুমদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান পলাশ, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক প্রধানিয়া, সাধারণ সম্পাদক কাউছার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রানারআপ ট্রফি অর্জন করে সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। বিদ্যালয়টির তত্ত্বাবধানে এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানে বিভিন্নভাবে অর্থনৈতিক সহযোগিতাসহ সার্বিক তত্ত্বাবধান করে থাকেন ওই এলাকার কৃতী সন্তান সিআইপি জয়নাল আবেদীন মজুমদার।