হাজীগঞ্জে অবৈধভাবে পানি উৎপাদন করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ গ্রহণ না করে ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রি ও বিতরণ করায় বি.এম ড্রিংকিং ওয়াটার ও এস.আর ড্রিংকিং ওয়াটারকে নগদ ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। গত ১৯ মে বিকালে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি এই জরিমানা করেন।
বিএসটিআই সূত্রে জানা গেছে, হাজীগঞ্জে পানি উৎপাদনে কারখানা নির্মাণে সায়েন্স ল্যাবরেটরি, আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনসহ জেলা স্বাস্থ্য বিভাগের প্রিমিসেস সার্টিফিকেট, শ্রমিকদের শারীরিক সুস্থতার সনদ, পরিবেশগত ছাড়পত্র ও কারখানাগুলোর নিজস্ব ল্যাব বা কেমিস্ট না থাকার অভিযোগ রয়েছে।
উল্লেখিত অভিযোগে বিএসটিআই, কুমিল্লা অঞ্চল বুধবার বিকালে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বি.এম ড্রিংকিং ওয়াটার ও এস.আর ড্রিংকিং ওয়াটারের প্রয়োজনীয় কাগজপত্র ও বিএসটিআই সনদ না থাকায় দুইটি প্রতিষ্ঠানকে নগদ ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
এসময় বিএসটিআই, কুমিল্লা অঞ্চলের পরিদর্শক মো. শহিদুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি পরিদর্শক মো. শামছুল আলম রমিজ, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হারুন অর রশিদসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৪ মে, ২০২১।