মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০২০ লাভ করায় ইউএনওকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী সাথে নিয়ে এই ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. জাকির হোসেন, ভূমি অফিসের কানুনগো মো. লোকমান হোসেন, অফিস সুপার শ্যামলী রানী শীল, সার্ভেয়ার কাজল মিয়া, অফিস সহকারী ইব্রাহিম খলিলসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুদ্ধাচার চর্চার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় গ্রেড ০৫ হতে গ্রেড ১০ ক্যাটাগরিতে কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, সততার নিদর্শন, সময় ও নেতৃত্ব দানের ক্ষমতা, উদ্ভাবন চর্চা, অভিযোগ প্রতিকারে সহযোগিতা, স্বপ্রনোদিত তথ্য প্রকাশে আগ্রহ, সৃজনশীল কর্মকাণ্ড বাস্তবায়নসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে ইউএনও বৈশাখী বড়ুয়া এই পুরস্কার লাভ করেন।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সীমিত আয়োজনে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের হাত থেকে ইউএনও বৈশাখী বড়ুয়া শুদ্ধাচার সনদ ২০১৯-২০২০ ও সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ জামানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৭ সেপ্টেম্বর, ২০২০।
