হাজীগঞ্জে ইউএনও ও ভূমি কার্যালয়ের কর্মচারীদের কর্মবিরতি

পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে



হাজীগঞ্জ ব্যুরো
সরকারি দপ্তরের কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।
বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস) ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর আয়োজনে সোমবার সরকারি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা এ কর্মবিরতি পালন করে।
বাবিককাকস ও বাকাসস’র কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গত ১ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা এই কর্মবিরতি পালন করে আসছে।
যার অংশ হিসাবে হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মচারীরা এই কর্মবিরতি পালন করে। এ দিন তারা বিক্ষোভও করেন।
কর্মবিরতি পালনকালে বক্তারা, বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি জানান।
এ সময় উপজেলা কনফিডেন্সিয়াল অ্যাসিসটেন্ট (সিএ) মো. নাসির উদ্দিন, অফিস সহকারী মো. মোজাম্মেল হোসেনসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারি দপ্তরের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে গত ১ জানুয়ারি থেকে আগামি ২৭ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে বাকাসস। যার ধারাবাহিকতায় গতকাল সোমবার এই কর্মবিরতি পালন করে তারা। ২৭ মার্চের মধ্যে দাবি মানা না হলে ২৮ মার্চ ঢাকা প্রেসক্লাবে মহা সমাবেশের ডাক দিয়েছে বাকাসস।