হাজীগঞ্জে উদ্ধারকৃত অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় মিলেছে

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে উদ্ধারকৃত অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি হলেন চাঁদপুর সদর উপজেলার শ্রীরামদি গ্রামের মৃত মনোহর দে’র ছেলে উদ্বেব চন্দ্র দে (৬৩)। রোববার (২০ সেপ্টেম্বর) তার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। এর আগে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত ব্যক্তি হিসাবে উদ্বেব চন্দ্র দের মরদেহ উদ্ধার করা হয়।
ওইদিন দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের মনির ফিলিং স্টেশনের পাশে হাসান কুলিং কর্নারের সামনে উদ্বেব চন্দ্র দে হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এরপর পুলিশ অজ্ঞাত হিসাবে উদ্বেব চন্দ্র দের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে এবং তার পরিচয় খুঁজে পাওয়ার জন্য জেলার সব থানা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা প্রেরণ করে। এতে করে এদিন (শনিবার) রাতেই তার পরিবারের লোকজন হাজীগঞ্জ থানায় এসে উদ্বেব চন্দ্র দের মরদেহ হিসাবে চিহ্নিত করে। পরে রোববার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, অজ্ঞাত ব্যক্তি হিসাবে মরদেহ থানা হেফাজতে নিয়ে আসার পর উদ্বেব চন্দ্র দে’র পরিবারের লোকজন এসে মরদেহ চিহ্নিত করে। পরে ময়নাতদন্তপূর্বক আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
২১ সেপ্টেম্বর, ২০২০।