হাজীগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে সড়কে সিএনজি উল্টে হতাহত-২

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে করে মঞ্জু মিয়া নামের সত্তর বয়সি একজন বৃদ্ধ যাত্রী মারা গেছেন। শনিবার (৫ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ দিন সকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ইঞ্জি. মমিনুল হকের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জু মিয়া হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি সেন্দ্রা বাজার হতে গরুর গোস্ত কিনে হাজীগঞ্জ আসার সময় এই দুর্ঘটনার শিকার হন।
এই ঘটনায় মনু মিয়া (৬০) নামে অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মৃত এবায়েদুল্লাহর ছেলে। তাকেও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ইব্রাহিম হোসেন জানান, সিএনজিচালিত স্কুটারটি যাত্রী নিয়ে রামগঞ্জ থেকে হাজীগঞ্জের দিকে আসছিলো। পথিমধ্যে ইঞ্জি. মমিনুল হকের বাড়ির সামনে একটি কুকুর বিপরীত দিকে দৌঁড় দেয়। তাৎক্ষনিক কুকুরটিকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে উল্টে যায়।
এতে করে সিএনজির চালক মনু মিয়া ও যাত্রী মঞ্জু মিয়া গুরুতর আহত হয়। পরে তিনি আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতের তাদের শারিরিক অবস্থার অবনতি হলে মঞ্জু মিয়ার পরিবারের লোকজন এসে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। এরপর এ্যাম্বুলেন্স যোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মঞ্জু মিয়া মারা যান।
ইব্রাহিম হোসেন আরো জানান, নিহত মঞ্জু মিয়া একজন হালিম বিক্রেতা। তিনি সেন্দ্রা বাজার হতে গরুর গোস্ত কিনে হাজীগঞ্জ বাজারে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে। এই দুর্ঘটনায় কারো বিরুদ্ধে পরিবারের কোন অভিযোগ নেই বলে তিনি জানান।
০৬ ডিসেম্বর, ২০২০।