মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আবাদী কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় তাৎক্ষনিক ড্রেজার মেশিনটি কৃষি জমি থেকে অপসারণ করা হয়। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন পূর্বপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের মাতৈন গ্রামের পূর্ব মাঠে ড্রেজার মেশিন বসিয়ে আবাদি কৃষি জমি থেকে মাটি উত্তোলন এবং কৃষি জমি ধ্বংসের অপরাধে ড্রেজার মালিক শাহজালাল দিপুকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধি অনুযায়ী নগদ ২০ হাজার টাকা জরিমানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমি থেকে তাৎক্ষনিক ড্রেজার মেশিনটি অপসারণ করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া ড্রেজার মালিক শাহজালাল দিপুকে সতর্ক করেন এবং উপস্থিত কৃষক ও সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. সেলিম ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনী ও সদর ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
১৭ আগস্ট, ২০২০।
