হাজীগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

হাজীগঞ্জ ব্যুরো
‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাজীগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইঁদুর নিধন (১০ অক্টোবর-৯ নভেম্বর) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের এ দিন সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ই-সেন্টারে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি কর্মকর্তা নয়নমনি সূত্রধরের পরিচালনায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেনসহ সরকারি কর্মকর্তা ও কৃষকরা।