মাস্কের ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত নামানোর নির্দেশ
মোহাম্মদ হাবীব উল্যাহ্
স্বাস্থ্যবিধি না মানলে লকডাউন। কারণ, বেশিরভাগ মানুষের মাঝে মাস্ক ব্যবহারে অনিহাভাব দেখা গেছে। মানছেন না শারীরিক দূরত্ব। অন্যদিকে জেলায় করোনা সংক্রমণ আবার বেড়েছে। এই প্রেক্ষাপটে মাস্কের ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এবং জনসচেতনতার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি নির্দেশনা কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় তিনি হাজীগঞ্জ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের (ইউএনও ও সহকারী কমিশনার-ভূমি) এই নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, মাস্কের ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে না পারলে করোনা সংক্রমণ বেড়ে যাবে। এতে লকডাউনের বিকল্প থাকবে না। আর লকডাউন হলে, সব শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আরো বলেন, উন্নত ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব সেক্টরে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর মধ্যে অন্যতম মানবিক কাজ হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের সরকার জমিসহ বাড়ি করে দেয়া। অপরদিকে ধর্মীয় স্থাপত্যশৈলির অন্যতম নিদর্শন হিসেবে দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ কাজ করছে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারের এই উন্নয়ন কাজগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। কারণ, সরকারের প্রতিনিধি হিসেবে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করছি। আমাদের প্রতিটি বিভাগের কার্যক্রম সংবাদ মাধ্যমে প্রকাশসহ সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) দিতে হবে। এতে করে উন্নয়নমূলক কাজ সম্পর্কে জনগণ জানবে। অপরদিকে আমাদেরও জবাবদিহিতা নিশ্চিত হবে। আমরা যদি আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি, তাহলে জনদুর্ভোগ কমে আসবে।
উপজেলা ই-সেন্টারে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন। মতবিনিময় সভার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার পরিচালনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের হাতে সরকারি ‘ল্যাপটপ’ তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এরপর তিনি রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন। এছাড়া তিনি হাজীগঞ্জ থানা পরিদর্শন করেন।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস.এম সোয়েব আহমেদ চিশতী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
১৭ জুন, ২০২১।
