হাজীগঞ্জে ড্রেজার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে আবাদী কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
জানা গেছে, রান্ধুনীমুড়া মাঠে ড্রেজার মেশিন বসিয়ে আবাদী কৃষি জমি ধ্বংসের অপরাধে ড্রেজার মালিক মনির হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধি অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়। মনির হোসেন ওই গ্রামের মৃত সোলেমান বেপারীর ছেলে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া উপস্থিত জনতাকে সচেতনতার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের কানুনগো মো. লোকমান হোসেন, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহমুদুল হাসানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, স্থানীয় ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
৪ অক্টোবর, ২০২০।