হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (১০) বাসায় ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাসুদ মিজি (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকালে শিশুটির বাবা হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিন সকালে পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মিজি বাড়ি থেকে স্থানীয়রা মাসুদ মিজিকে আটক করে পুলিশে দেয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, এদিন সকালে নাস্তা কিনে আনার জন্য শিশুটিকে বাড়ির সামনের দোকানে পাঠায় তার মা। পথেই অভিযুক্ত মিজি বাড়ির আব্দুল হালিম মিজির ছেলে মাসুদ মিজি শিশুটিকে বাড়ির ভিতরে ডেকে নেয়। এরপর টেলিভিশনের সাউন্ড বাড়িয়ে জোরপূর্বক তার শরীরের পোশাক খুলে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পরনের পায়জামা খোলার চেষ্টা করলে শিশুটি ডাক-চিৎকার ও কান্না শুরু করে।
তিনি বলেন, চিৎকার ও কান্নায় শিশুটিকে ছেড়ে দেয় মাসুদ মিজি। এ বিষয়ে কথা কাউকে না বলার জন্য তাকে হুমকি-ধমকি দেয় এবং টাকা দেয়ার চেষ্টা করে।, কিন্তু শিশুটি টাকা না নিয়ে কাঁদতে কাঁদতে তার ঘর থেকে বের হয়ে আসে। এদিকে নাস্তা নিয়ে ফিরে না আসায়, শিশুটির মা তাকে খুঁজতে বের হয়ে দোকানের কাছে আসেন। পথে শিশুটিকে কান্নারত অবস্থায় আসতে দেখে তার মা ও স্থানীয়রা কান্নার কারণ জিজ্ঞাসা করলে শিশুটিকে সবকিছু খুলে বলে।
এরপর স্থানীয়রা মাসুদ মিজিকে আটক করে হাজীগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এসআই মো. জয়নাল আবেদিন-১ তাকে আটক করে এবং শিশুটিকে থানা হেফাজতে নিয়ে আসে। এ বিষয়ে থানা হেফাজতে থাকা মাসুদ মিজি সংবাদকর্মীদের কাছে ঘটনাটি অস্বীকার করেন।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, শিশুটি ও তার পরিবারের সাথে কথা বলেছি এবং প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আটক মাসুদ মিজির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।
২০ ডিসেম্বর, ২০২০।
