হাজীগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ৬ ও ৮নং ওয়ার্ডে কর্মীসভা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক মেয়র আলহাজ আবদুল মান্নান খান বাচ্চুর সমর্থনে পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ ও ৮নং ওয়ার্ড টোরাগড় (দক্ষিণ) গ্রামে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) বিকালে ৮নং ওয়ার্ড টোরাগড় দক্ষিণ পাড়া ও সন্ধ্যায় ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মধ্যপাড়ায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক। তিনি ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, দলের প্রতিটি নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থক হলেন ধানের শীষের কর্মী। সুতরাং আমাদের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হলে আপনাদের প্রতিটি ভোটারের কাছে যেতে হবে।
তিনি বলেন, পৌরসভার ৭ ও ৮ এবং ১০, ১১ ও ১২নং ওয়ার্ড হলো বিএনপির ভোট ব্যাংক। এই ওয়ার্ডের ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের উৎসাহিত করে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, আব্দুল মান্নান খাঁনের বিজয় মানে, ধানের শীষের বিজয়। আর ধানের শীষের বিজয় মানে, বেগম খালেদা জিয়ার বিজয়। এই বিজয়ের মাধ্যমে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে।
কর্মীসভায় কেন্দ্রীয় ওলামা দলের শীর্ষ নেতা মাও. নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ্, উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আজাদ কাশারী, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য বিল্লাল হোসেন পাটওয়ারী, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেল, উপজেলা ছাত্রনেতা এস.এম ফয়সাল হোসাইন, জুয়েল রানা তালুকদারসহ উপজেলা ও পৌর এবং স্ব-স্ব ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৬ জানুয়ারি, ২০২১।