হাজীগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে প্রেস বিফিং

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে হাজীগঞ্জে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। -ইল্শেপাড়

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

‘আর কোনো ভাবনা নয়, নরমাল ডেলিভারি সব সময়, পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে হাজীগঞ্জে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা ই-সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় জাতীয় ও উপজেলার বিভিন্ন পরিসংখ্যান এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্ম-পরিকল্পনা ও একটি ইনোভেশন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে ডকুমেন্টারি উপস্থাপন করেন উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। এসময় তিনি জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মো. মহিউদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মতামত তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি বিষয়ক কর্মকর্তা মো. আসাদুজ্জামান, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান শামীম, কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুর আলম পাটওয়ারী, সদস্য কবির আহমেদ, সহযোগী সদস্য মোহাম্মদ হাবীব উল্যাহ্, গাজী মহিন উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্বাস্থ্যকর্মীরা।

আগামি ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে উপজেলায় যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা হলো- ৩০ ডিসেম্বর উপজেলার সব ইউনিয়নে দিনব্যাপী স্থায়ী পদ্ধতি ইমপ্লানন ও সব ইউনিয়নে আইইউডি/ মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। ৩১ ডিসেম্বর বড়কুল পূর্ব ইউনিয়ন ইমপ্লানন ও সকল ইউনিয়নের আইইউডি/ মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। ১ জানুয়ারি গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ইমপ্লানন ও সব ইউনিয়নে আইইউডি/মা ও শিশু স্বাস্থ্য সেবা, ২ জানুয়ারি সব ইউনিয়নের স্থায়ী ইমপ্লানন, আইইউডি/মা ও শিশু স্বাস্থ্য সেবা, ৩ জানুয়ারি উপজেলার সব ইউনিয়নে মা ও শিশু স্বাস্থ্য সেবা, ৪ জানুয়ারি রাজারগাঁও ইউনিয়ন, বাকিলা ইউনিয়ন, কালচোঁ উত্তর ইউনিয়ন ও হাজীগঞ্জ সদর ইউনিয়নে ইমপ্লানন ও সব ইউনিয়নে আইইউডি/ মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে প্রতিদিন দিনব্যাপী সেবা প্রদান করবেন পরিবার পরিকল্পান অধিদপ্তরের জেলা উপ-পরিচালক ডা. মো. ইলিয়াছ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সব স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের স্ব-স্ব পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারবৃন্দ। সপ্তাহব্যাপী এ আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, আমাদের দেশে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব আশংকাজনক হারে দিন দিন বেড়েই চলছে। এর ফলে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় পড়েন নারীরা। তাই গর্ভকালীন নারীদের উদ্ধুদ্ধকরণ ও জনসচেতনতার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে আসতে হবে। এখানে বিনামূল্যে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে নিরাপদে ডেলিভারি করানো হয়। এ কথা সব মা ও বাবাদের জানান দিতে হবে।

তারা আরো বলেন, ইতোমধ্যে বেশ কিছু ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কার করা হয়েছে। অন্য কেন্দ্রগুলোর সংস্কার ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করা হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে উপজেলা পরিষদে আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বক্তারা বলেন, সেবা গ্রহিতাদের মাঝে আস্থা তৈরি করতে হবে। তারা যেন, সেবা কেন্দ্রে আসে, সে-পথ আপনাদের তৈরি করতে হবে। মুখে মুখে বলতে হবে, নিরাপদ প্রসবে উপজেলা স্বাস্থ্য কমপেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসুন।