হাজীগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলায় গত বুধবার রাতে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতির উন্নতি ও শান্ত পরিবেশ বজায় থাকায় সোমবার (১৮ অক্টোবর) ভোর থেকে উপজেলা প্রশাসন থেকে জারিকৃত আদেশটি প্রত্যাহার করে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগের জারিকৃত ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে নতুন করে সংঘাত এড়াতে এবং উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এই ঘটনায় তদন্ত করছেন জেলা প্রশাসন ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের গঠিত পৃথক তদন্ত কমিটি। ইতিমধ্যে তদন্ত প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভির ফুটেজ ও বিভিন্ন মাধ্যম থেকে ভিডিও সংগ্রহসহ ঘটনা সংশ্লিষ্ট বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।
এর আগে ঘটনার পরের দিন জেলা প্রশাসনের গঠিত ৫ সদস্যের তদন্ত দল তাদের কাজ শুরু করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ারকে প্রধান করে তদন্তের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাজীগঞ্জ, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি (উপ-পরিচালক)। এই কমিটি এক সপ্তাহের (৭ দিন) মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করবেন।
এছাড়া পুলিশের চট্টগ্রাম রেঞ্জের তদন্ত দলও তাদের কাজ শুরু করে। তারাও এক সপ্তাহের (৭ দিন) মধ্যে রিপোর্ট প্রদান করবেন। অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসেনকে প্রধান করে তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চাঁদপুরের পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ানা পারভিন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়। এই কমিটিও ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করবেন।
উল্লেখ্য, কুমিল্লা শহরের দিঘিরপাড়ের একটি দুর্গাপূজার মণ্ডপে হনুমান মূর্তির কোলে পবিত্র কোরআন শরিফ রাখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার রাত আনুমানিক আটটার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের দিক থেকে হাজীগঞ্জ বাজারে দিকে একটি মিছিল আসে।
মিছিলটি বাজার প্রদক্ষিণ করে পশ্চিম বাজারস্থ রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ায় অবস্থিত পূজামন্ডপে সামনে আসলে মিছিল থেকে কে বা কারা পূজামন্ডপের গেইটের দিকে ইট-পাটকেল ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে থাকা পুলিশ মিছিলকারীদের প্রতিরোধের চেষ্টা করলে পুলিশের উপর ইট-পাটকেল ছুড়ে মারে মিছিলকারীরা।
এসময় মিছিলকারীর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয় এবং পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এবং পুলিশের গুলিতে চারজন নিহত এবং ৪ জন আহত হয়। এছাড়া মিছিলকারীদের ইট-পাটকেলের আঘাতে ১৭ জন পুলিশসহ সাংবাদিক ও পথচারী আহত হয়েছেন।
এরপর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের টহল, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং হাজীগঞ্জ থানা পুলিশের ব্যাপক তৎপরতা শুরু হয়। ইতোমধ্যে হাজীগঞ্জে শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। যার ফলে ১৪৪ ধারা প্রত্যাহার করে প্রশাসন।

১৯ অক্টোবর, ২০২১।