হাজীগঞ্জে পিকআপ চাপায় বৃদ্ধের মৃত্যু

 

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে পিকআপ চাপায় মো. লিয়াকত আলী (৭০) নামের একজন বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ-আড়ঙ্গ বাজার এলাকায় হাজীগঞ্জ-কচুয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী ওই ইউনিয়নের পাতানিশ পূর্বপাড়া খান বাড়ি প্রকাশ আশুখান বাড়ির মৃত আম্বর আলীর ছেলে। এ ঘটনায় পিকআপ চালকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। পুলিশ নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে নাস্তা খাওয়ার উদ্দেশে পাতানিশ-আড়ঙ্গ বাজারে রওয়ানা দেন লিয়াকত আলী। পথে একটি কাভার্ড ভ্যানকে সাইড দিতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে লিয়াকত আলীকে চাপা দেয়।
পরে গাছের সাথে ধাক্কা লেগে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন পিকআপের চালকের সহকারী। চালক ও সহকারীর নাম জানা যায়নি। স্থানীয়রা লিয়াকতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চালক তার সহকারীকে নিয়ে চলে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লিয়াকত আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদ জানান, নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

১১ জুন, ২০২০।