
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ বাজারে জনসচেতনতার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া এবং উপজেলা সহকারী কমিশানর (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী। গত বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ী এবং একটি চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজানের খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণ এবং বাজারের যানজট নিরসন ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে পথচারীদের চলাচলের সুবিধার্থে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ী মো. হাসানকে ৫শ’ টাকা, আনোয়ার হোসেনকে ৫শ’ টাকা ও সোহেলকে ১ হাজার টাকা এবং মোটরযান অধ্যাদেশ আইনে হুমায়ুন কবির নামের একজন বোগদাদ বাস চালককে ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
