হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের নিয়ে সচিত্র স্মরণিকা ‘মুক্তি’ প্রকাশিত

মুক্তিযোদ্ধা গাজী আলী আহমদের উদ্যোগে

হাজীগঞ্জ ব্যুরো
মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে সচিত্র স্মরণিকা ‘মুক্তি’ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা গাজী আলী আহমদ। তিনি নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে তাঁর প্রতিষ্ঠিত রাবেয়া হামিদ ফাউন্ডেশনের মাধ্যমে এই স্মরণিকা প্রকাশ করেন।
সোমবার (১৪ ডিসেম্বর) স্মরণিকা মুক্তি’র প্রথম কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়াকে সৌজন্য কপি প্রদানের মাধ্যমে মুক্তিযোদ্ধা গাজী আলী আহমদ এই স্মরণিকা বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাকেও তিনি উপহারসরূপ স্মরণিকার একটি কপি দেন।
স্মরণিকায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের ১১টি সেক্টরের সেক্টর কমান্ডারদের নাম ও ছবি, বীরশ্রেষ্ঠ মুন্সী আ. রউফ জীবন বৃত্তান্ত ও মহান মুক্তিযুদ্ধের সময়কালীন তথ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়ে খোলা চিঠি, হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের যুদ্ধে অংশগ্রহণ ও যুদ্ধকালীন সময়ের বর্ণনা তুলে ধরা হয়।
এছাড়া স্মরণিকায় ১শ’ ৫০জন মুক্তিযোদ্ধার ছবি, গেজেটেড ১শ’ জন মুক্তিযোদ্ধার নাম ও গেজেট নং এর তালিকা, নাসিরকোট শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল ও উপজেলা পরিষদ চত্বরে বিজয়স্তম্ভ, ধর্মীয় প্রতিষ্ঠান হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ ও আলীগঞ্জ হযরত মাদ্দাহঁ খাঁ (রহ.) মাজার গেটের ছবি তুলে ধরা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মুক্তিযোদ্ধা গাজী আলী আহম্মদ বলেন, দীর্ঘদিন ধরে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে হাজীগঞ্জের কিছু স্মৃতি উল্লেখপূর্বক উপজেলার মুক্তিযোদ্ধাদের তথ্য-চিত্র তুলে ধরে একটি সচিত্র স্মরণিকা বের করার ইচ্ছে ছিলো। কিন্তু সামর্থ না থাকার কারণে এতোদিতে তা বের করতে পারিনি। অবশেষ মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে একটি স্মরণিকা বের করার উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়ন করি।
তিনি বলেন, অভিজ্ঞতা না থাকায় স্মরণিকায় শব্দ ও বানানগত বেশ কিছু ভুল রয়েছে। সেজন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সম্মানিত পাঠদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সাথে আমাকে মতামত ও পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করবেন। যেন বেঁচে থাকলে আগামি দিনেও নির্ভুল ও তথ্যবহুল একটি স্মরণিকা বের করতে পারি।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা গাজী আলী আহমদ তিনি নিজেই একজন অস্বচ্ছল ভিটে-মাটিহীন মানবেতর জীবন-যাপন করছেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। নেই তার বসতবাড়ি। থাকেন অন্যের ঘরে। তার দুই সন্তান প্রতিবন্ধী। অথচ বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত মুক্তিযোদ্ধা গাজী আলী আহমদ। যার অনেক উদাহরণ রয়েছে।
১৫ ডিসেম্বর, ২০২০।