মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেল তামজিদ হোসেন ওরফে শিহাব আহমেদ (১৬) নামের এক স্কুল ছাত্র। রোববার (২১ জুন) বিকালে উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো। সে ওই গ্রামের মুন্সী বাড়ির মো. সেলিমের ছেলে। এদিন বিকালে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিহাব। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মোটরসাইকেল চালানো শিখেছে শিহাব। রোববার বিকালে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিহাব।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিহাবকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী জানান, হাসপাতালে আনার আগেই শিহাবের মৃত্যু হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। তার পরিবার মামলা দিলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
২১ জুন, ২০২০।
