হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে ড. আলমগীর কবির পাটওয়ারীর মতবিনিময়

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লীর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রিন্স শাকিল আহমেদ ও ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সকে কেন্দ্র করে ধর্ম-কর্ম, শিক্ষা-দীক্ষা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানসহ কমপ্লেক্স কেন্দ্রিক হাজীগঞ্জ বাজারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে ড. মো. আলমগীর কবির পাটওয়ারী বলেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষ বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা করে উন্নয়নমূলক কর্ম-পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করে।
তিনি বলেন, ইতোমধ্যে মকিম উদ্দিন শপিং সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখানে তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েক হাজার লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। তাই বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা করে এই মার্কেটকে ঘিরে যুগোপযোগী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা আধুনিক হাজীগঞ্জকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।
চিকিৎসা সেবা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জীবিত করতে চাই উল্লেখ করে ড. মো. আলমগীর কবির পাটওয়ারী বলেন, মকিমউদ্দিন শপিং সেন্টারে ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, ফুডকোট, শিশু বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, কনফারেন্স হল, আধুনিক মিডিয়া কনফারেন্স রুম, হ্যালীপ্যাড সেন্টারসহ আধুনিক মানের বিভিন্ন ব্যবস্থা থাকবে।
বিশেষ করে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে উজ্জীবিত করার লক্ষ্যে আধুনিক মিডিয়া কনফারেন্স স্থাপনে সংবাদকর্মীদের পরামর্শ ও মতামত কামনা করেন তিনি। এ বিষয়ে তিনিসহ প্রিন্স শাকিল আহমেদ ও ব্যারিস্টার শাহরিয়ার আহমেদসহ মতামত দেয়ার জন্য তিনি সংবাদকর্মীদের আহ্বান জানান এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ে সাংবাদিক ও কাউন্সিলর হাবিবুর রহমান, গাজী সালাউদ্দিন, খালেকুজ্জামান শামীম, কাজী হারুন অর রশিদ, হাছান মাহমুদ, মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, এসএম চিশতী, এসএম মিরাজ মুন্সী, ইমাম হোসেন হীরা, সাখাওয়াত হোসেন, মনিরুজ্জামান বাবলু, কবির আহমেদ, এনায়েত মজুমদার, জাকির হোসেন লিটন, মেহেদী হাছান, আলমগীর কবির, গাজী নাছির উদ্দিন, শাখাওয়াত হোসেন শামীম, জহিরুল ইসলাম জয়, রেজাউল করিম নয়ন, পাপ্পু মাহমুদ, সাইফুল ইসলাম সিফাত, সুজন দাস, গাজী মহিন উদ্দিন, মজিবুর রহমান, মজিবুর রহমান রনি, তোফায়েল আহমেদ, এম. আলী মজিব ও জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
০২ ডিসেম্বর, ২০২০।