মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের পণ্য জাতীয়ভাবে বয়কটের দাবিতে হাজীগঞ্জে স্মরণকালের বৃহত্তম প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমআ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় মসজিদ মাঠে এসে সমাবেশ স্থলে এসে শেষ হয়। মিছিলে মহানবী (সা.) কে অবমাননাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান ও নানা প্লেকার্ড প্রদর্শন করা হয়।
হাজীগঞ্জ সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতার ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজকদের প্রধান হাজীগঞ্জ জামিয়া আহমাদিয়া কওমি মাদরাসার শায়খুল হাদিস ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ আব্দুর রউফ বক্তব্য রাখেন।
তিনি বলেন, ফ্রান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ এখানে রাসূল (সা.) প্রেমিক তৌহিদি জনতা সমবেত হয়েছি।
তিনি বলেন, শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই এবং এর প্রতিবাদে ফ্রান্সের সব পণ্য বয়কটসহ বাংলাদেশ জাতীয় সংসদে নিন্দা প্রস্তাবের আহবান জানান তিনি।
বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আব্দুর রউফ। দোয়া ও মোনাজাত শেষে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘটে।
বিক্ষোভ মিছিলে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিম মজুমদার, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরুসহ প্রায় দশ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
০১ নভেম্বর, ২০২০।
