মোহাম্মদ হাবীব উল্যাহ্
ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। গতকাল রোববার হাজীগঞ্জ বাজারস্থ রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ায় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অংশগ্রহণে বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি এবং আলোকসজ্জর মাধ্যমে এ সরস্বতী পূজা অর্চনা সম্পন্ন হয়।
কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের দিক-নির্দেশনায় আয়োজিত পূজা অর্চনায় শিক্ষার্থীরা ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সরস্বতী দেবীর আরাধনা করেন। পূজা উদযাপন কমিটির আহ্বায়ক কৃষ্ণ দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক স্বপন কুমার পাল, অধ্যাপক নারায়ন চন্দ্র মন্ডল, রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ার সভাপতি দিলীপ কুমার সাহা প্রমুখ।
পূজা উদযাপন কমিটির সদস্য প্রদীপ কুমার দাসের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করেন পূজা উদযাপন কমিটির সদস্য আশিষ দেবনাথ, গৌতম চন্দ্র শীল, সম্পা মনি ধর। এ সময় অন্যান্য শিক্ষক ও হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
