পৌর মেয়র ও অধ্যক্ষসহ অন্যান্যদের শোক প্রকাশ
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভূমি দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য, পৌরসভাধীন ১০নং ওয়ার্ড রান্ধুনীমূড়া (মনিনাগ) এলাকার মজুমদার বাড়ির বাসিন্দা আবুল খায়ের
মজুমদারের (৭৮) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১ আগস্ট) দুপুরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে তিনি গত শনিবার দিবাগত রাতে রাজধানীর সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধানী অবস্থায় মারা যান।
মরহুম আবুল খায়ের মজুমদার ওই বাড়ির মৃত আলী আকবর মজুমদারের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদসহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
এছাড়া আবুল খায়ের মজুমদারে মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল খায়ের মজুমদার বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
০১ আগস্ট, ২০২১।
